দিনাজপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরল উপজেলার দুপ্তইর গ্রামবাসীকে নির্যাতনের ঘটনায় দিনাজপুরের পুলিশ সুপার ও এএসপি সদর সার্কেলকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার তাদেরকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের উপস্থিতিতে এএসএসপি সদর সার্কেল মকবুল হোসেনের নেতৃত্বে দাঙ্গা পুলিশ গত ৮মার্চ দুপ্তইর গ্রামবাসীর ওপর বর্বর নির্যাতন চালায়।
রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান ১০ মার্চ সরেজমিন দুপ্তইর গ্রাম পরিদর্শন করেন। তিনি নির্যাতনের শিকার গ্রামবাসীর সাথে কথা বলে অভিযোগের সত্যতা পান এবং পুলিশের অন্যায় আচরনের জন্য দুঃখ প্রকাশ করেন।
বিষয়টি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে প্রতিবেদন পেশ করা হবে বলে তিনি নির্যাতিত গ্রামবাসীকে আশ্বাস দেন।
পুলিশের ভাবমুর্তি ক্ষুন্ন করে সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শনিবার বিকালে পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ও এএসপি মকবুল হোসেনকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে তিনি দিনাজপুর পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৯ ঘ.
bdnews24