২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বগি লাইনচ্যুত, দু'ঘণ্টা ট্রেন বন্ধ

গাজীপুর সদর উপজেলায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে দু'ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গাজীপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে দু'ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়। শনিবার বিকাল ৫টার দিকে ধীরাশ্রম রেল স্টেশনের কাছে ঢাকা থেকে ময়মনসিংহের তারাকান্দিগামী যমুনার একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে দুর্ঘটনা কবলিত বগি বিচ্ছিন্ন করে ধীরাশ্রম রেল স্টেশন থেকে লাইন পরিবর্তন করে রাত ৭টা ২০মিনিটের দিকে যমুনা এক্সপ্রেস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়াউল হায়দার জানান, ট্রেনটির ইঞ্জিনের পরের খাবারের বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের রাত ৮টায় জানান, সন্ধ্যায় ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.