চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী ও ফটিকছড়ি উপজেলার কয়েকটি স্থান থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ও শনিবার বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার হয়েছেন- কামরুল হাসান (২৪), মো. ইউসুফ (৪০), জয়নাল আবেদীন মানিক (৩০), মো. ইকবাল (২৫), জুয়েল হোসেন চৌধুরী রনি (২৮) ও মো. জয়নাল আবেদীন (২৫)।
শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করলে তাদের দুই দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়।
ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্তের সূত্রে শুক্রবার কামরুল ও ইউসুফকে নয়ারহাট এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙ্গামাটিয়া থেকে মানিক ও জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপর ফটিকছড়ির সুন্দরপুর থেকে জুয়েল হোসেন চৌধুরী রণি এবং নগরীর পাহাড়তলি এলাকা থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ওসি বলেন, গত চার মাসে এ চক্রের সদস্যরা ৫০টির মতো মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24