ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানায় বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা অব্যাহত রয়েছে।
তবে পরিদফতরের বিদ্রোহের মামলার এক আসামি হেফজতে থাকায় শনিবার বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে আদালত বসলেও সাক্ষ্য গ্রহণ বা জেরা হয়নি।
পিলখানার ১৩ বর্ডার গার্ডস ব্যাটালিয়নের চিত্ত বিনোদন কেন্দ্রে স্থাপিত বিশেষ আদালত-৮ এ শনিবার সকাল ১০টায় সিগনাল সেক্টরের ১৮৭ আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ দিন ৩৮ জন আসামির বিরুদ্ধে পাঁচজন সাক্ষ্য দেন। একইসঙ্গে আসামিরা তাদের জেরা করেন।
দুপুর ১টা পর্যন্ত আদালত চলার পর ২৭ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়। এ মামলার মোট ৯০ জন সাক্ষ্য দেবেন।
শনিবার এ মামলায় সাক্ষ্য দিয়েছেন নায়েক (সিগনাল) আবদুল হামিদ, সিপাহী সবুজ চন্দ্র দেবনাথ, সিগনালম্যান আরএম মুকুল মিয়া, হাবিলদার আরএম আনোয়ার হোসেন ও হাবিলদার জাহাঙ্গীর হোসেন।
এ আদালতে সভাপতিত্ব করেন বিজিবির উপ-মহাপরিচালক (ডিডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওবাইদুল হক।
পরিদফতরের বিদ্রোহের বিচার
একইদিন পিলখানার দরবার হলে বিশেষ আদালত-১০ বসলেও পরিদফতরগুলোর ৩৩৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। সকাল ১০টায় শুরু হয়ে আধা ঘণ্টার মতো আদালতের কার্যক্রম চলে। পরে ২৩ মার্চ সকাল ৯টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।
এ ইউনিটের আসামি সিপাহী সালাহউদ্দিন পিলখানায় হত্যাযজ্ঞের মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) হেফাজতে (রিমান্ডে) রয়েছেন। তার অনুপস্থির কারণেই আদালত মুলতবি করা হয়।
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে বিদ্রোহ শুরুর পর যে ১৪ জন বিদ্রোহী ডিএডি তৌহিদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবন যুমনায় বৈঠক করতে যান, তাদের মধ্যে সিপাহী সালাউদ্দিন অন্যতম।
পরিদফতরগুলোর বিদ্রোহের ঘটনায় গঠিত আদালতে সভাপতিত্ব করেন বিজিবির যোগাযোগ পরিদফতরের পরিচালক কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদস্যদের বিদ্রোহে ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
ওই বিদ্রোহের পর সীমান্তরক্ষী বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বাহিনীর পোশাক ও মনোগ্রামও বদলে ফেলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৯০৫ ঘ.
bdnews24