ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুলে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
লিপি আক্তার (১৯) নামে ওই ছাত্রীকে শনিবার বেলা আড়াইটার দিকে বাসায় ফেরার পথে পশ্চিম ভাষানটেকে হযরত আলী (৩৫) নামে এক রিকসাচালক উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লিপি তিতুমীর কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী ছিলেন।
তার বাবা শামছুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, লিপি ওই সময় কিশোরগঞ্জ থেকে কাফরুলের পশ্চিম ভাষানটেকের বাসায় ফিরছিল। হযরত আলী তাকে একা পেয়ে ছুরিকাঘাত করে।
পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীরা ছুরিকাঘাতের ঘটনা দেখে হযরত আলীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
লিপির বাবা জানান, হযরত আলী পেশায় একজন রিকশাচালক, তিনি প্রায়ই লিপিকে উত্ত্যক্ত করতেন।
তিনদিন আগে লিপি গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুরিয়া বড়কান্দা গ্রামে বেড়াতে যান।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই)শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হযরত আলী দাবি করছে লিপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক আছে এবং পাঁচ মাস আগে গোপনে তাকে বিয়ে করেন লিপি।
"একমাস আগে লিপি তাকে তালাক দেয় তাই ক্ষিপ্ত হয়ে লিপিকে হত্যা করে বিষপান করেছে বলে হযরত দাবি করে।"
এসআই বলেন, হযরত আলী সুস্থ বলে প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮০৩ ঘ.
bdnews24