নরসিংদী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
শনিবার ভোররাতে অগ্নি-নির্বাপক বাহিনীর ডুবরী দল ও স্থানীয়রা এ লাশগুলো উদ্ধার করে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শ্রীনগরে যাত্রীবাহী ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায় বলে পুলিশ জানায়।
ট্রলারটিতে ৩৫/৪০ জন যাত্রী ছিলো। রাতেই পুলিশ ও স্থানীয়রা ৫ জনের লাশ উদ্ধার করে। এর মধ্যে তিন জন এক পরিবারের সদস্য।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, উদ্ধার কাজ চালাতে ঢাকা থেকেও অগ্নি-নির্বাপক বাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।
তিনি জানান, আটটি লাশ শ্রীনগর ও আশপাশের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
যাদের লাশ উদ্ধার হয়েছে, তারা হলেন- নবীপুর গ্রামের হাসান মিয়া (৫০), তার স্ত্রী সেতারা বেগম (৪৫) এবং নাতী বর্ষা (১২), দিলারপুর গ্রামের আক্তার হোসেন (৪০), আলেয়া বেগম (৩৫) সেলিম মিয়া (১২), ছগরিয়া পাড়ার ফারুক (২৫), জামালিয়া কান্দির আবুল হোসেন (৪৯)।
নরসিংদী জেলা প্রশাসক অমৃত বাড়ৈ জানান, লাশগুলো পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩০ ঘ.
bdnews24