২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটিয়ে বাঘ হত্যা

লোকালয়ে আসা সুন্দরবনের একটি বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বাঘের আক্রমণে এক জন আহতও হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 08:12 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সাতক্ষীরা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকালয়ে আসা সুন্দরবনের একটি বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বাঘের আক্রমণে এক জন আহতও হয়েছেন। শনিবার ভোরে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী গ্রামে বাঘ হত্যার এ ঘটনা ঘটে। সকালে মৃত বাঘটি বন বিভাগের সদস্যরা নিয়ে যায়। গ্রামবাসী বলছে, বাঘটি ওই গ্রামের একটি গোয়ালঘরে ঢুকে ছয়টি ছাগল হত্যা করার পরই তারা বাঘটি মেরে ফেলে। ২০০৪ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ৪৪০টি। বিলুপ্তির ঝুঁকিতে রয়েছেএ প্রাণীটি। তাই এর সংরক্ষণের জন্য সারা বিশ্ব থেকে আহ্বান আসছে। গ্রামবাসীদের উদ্ধৃতি দিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের বন কর্মকর্তা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ২টার দিকে গোলাখালী এলাকার সীমানার খাল পার হয়ে সুন্দরবনের একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ে।" বাঘটি ওই গ্রামের বাসিন্দা উজ্জ্বলের গোয়ালঘরে বাঘটি ঢুকে ছয়টি ছাগল মেরে ফেলে। ছাগলের চিৎকারে বাঘের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীকে জানায় উজ্জ্বল। "এরপর লাঠি, দা, বল্লম প্রভৃতি নিয়ে বাড়িটি ঘিরে ফেলে গ্রামবাসী। মোবাইল ফোনে বনবিভাগকেও ঘটনাটি জানানো হয়। ভোর ৪টার দিকে বাঘটি গোয়ালঘর থেকে বেরিয়ে আসে। বাঘটি ওই গ্রামের পাগল সরদারের ছেলে নজরুল ইসলামকে আক্রমণ করলে তিনি আহত হন", বলেন হোসেন। তবে বন কর্মকর্তা যাওয়ার আগেই বাঘটি পিটিয়ে মারা হয়। মৃত বাঘটি বন বিভাগের কলাগাছি স্টেশনে নেওয়া হয়েছে। আহত নজরুলকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতেও বাঘটি খাবারের খোঁজে গোলাখালী গ্রামে ঢোকে এবং একটি ছাগল নিয়ে যায়। এরপর থেকে গ্রামবাসী বাঘের আক্রমণ ঠেকাতে সতর্ক ছিলো। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বনে খাবার সঙ্কট দেখা দেওয়ায় বাঘ বারবার লোকালয়ে ঢুকে পড়ছে। তিনি জানান, বনরক্ষীদের টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের গ্রামে পাহারা দেওয়ার জন্য পাড়া কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এর আগে ২০ ফেব্র"য়ারিও উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর সাধু পাড়ায় বাঘ ঢুকে পড়লে চেতনানাশক দিয়ে অচেতন করে সেটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। আইন অনুযায়ী, বাঘ শিকার নিষিদ্ধ। বাঘ হত্যা করলে জেল-জরিমানার বিধানও রয়েছে। সরকারের তথ্য অনুযায়ী, দুই বছরে (২০১০ সালের জুলাই পর্যন্ত) লোকালয়ে বাঘ এসেছে ১২৩ বার। এতে গণপিটুনিতে পাঁচটি বাঘ মারা গেছে; বাঘের আক্রমণে মারা গেছে ৫১ জন মানুষ ও ৩৬টি গবাদিপশু। বাংলাদেশে ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এ সময়ে বাঘ মারা পড়েছে ২৩টি। সাধারণত বড় আকারের একটি বাঘের দৈনিক চাহিদা ৮-৯ কেজি মাংস। চাহিদা পূরণ না হলেই বাঘ খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১২ ঘ.