২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথে পথে জয়োল্লাস

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে রাজধানী। হাতে পতাকা আর কপালে লাল-সবুজ ব্যান্ডানা বেঁধে রাজপথে নেমে আসে সব বয়সী মানুষ। মুহূর্তের মধ্যে রাজধানী পরিণত হয় মিছিলের নগরীতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 07:10 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে রাজধানী। হাতে পতাকা আর কপালে লাল-সবুজ ব্যান্ডানা বেঁধে রাজপথে নেমে আসে সব বয়সী মানুষ। মুহূর্তের মধ্যে রাজধানী পরিণত হয় মিছিলের নগরীতে। চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের পরপরই ঢাকা বিশ্বদ্যিালয়ের বিভিন্ন হল থেকে আসা মিছিল আর আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টিএসসি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিজয়ের উৎসবে পটকা, ভুভুজেলা, ঢোল, বাঁশি আর গগন বিদারী স্লোগান রাতের নিস্তব্ধতাকে খান খান করে দেয়। মিছিলে হাতে হাতে ছিল জাতীয় পতাকা। সবার মুখে ছিল 'বাংলাদেশ, বাংলাদেশ' স্লোগান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আশপাশের এলাকার মানুষের সঙ্গে দোকানী আর রিকশাচালকরাও শামিল হন জয়ের উৎসবে। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর স্মৃতি নিয়ে বিকাল থেকে কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন হাকিম চত্বর, টিএসসি সড়ক দ্বীপ ও শান্তির পাখি এবং রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপিত বড় পর্দার সামনে হাজির হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের লোকজন। হলের টিভি কক্ষগুলোও ছিল কানায় কানায় পূর্ণ। খেলায় মাঝামাঝি পর্যায়ে বাংলাদেশ দল কিছুটা বিপর্যয়ে পড়লে দর্শক কমে যেতে থাকে। পরে সাকিবরা আবার লড়াইয়ে ফেরার সঙ্গে সঙ্গে দর্শকরাও ফিরতে শুরু করে টিভির সামনে। শেষের দিকে বাংলাদেশ দল খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করলে ক্যাম্পাসজুড়ে উল্লাস শুরু হয়। ছাত্র হলের পাশাপাশি ছাত্রী হলগুলোতেও চলে শিক্ষার্থীদের উৎসব। রোকেয়া হলের শিক্ষার্থী সাতিলা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলে বসানো বড় পর্দা আর টিভি রুমে খেলা দেখেছেন তারা। বাংলাদেশ দলের বিজয়ের পর নেচে গেয়ে বরণ করছেন বিজয়কে। সূর্যসেন হলের শিক্ষার্থী আবুল কালাম বলেন, মাহমুদুল্লাহর ব্যাট থেকে শেষ চারটি মারার পর দেখলাম হলের টিভি রুম থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন না পাওয়া কোনো বস্তুর সন্ধান পেয়েছে যেন তারা। হলের টিভি রুম মুহূর্তের মধ্যেই দর্শকশূন্য হয়ে পড়ে। উৎসব চলে রাজধানীর, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, যাত্রাবড়ী আর পুরান ঢাকাতেও। কারওয়ানবাজারের রাস্তায় সমর্থকদের জয়োল্লাসের সঙ্গে সুর মেলায় শত শত গাড়ির হর্ন। রিশাচালক জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইজ জিতার মাইধ্যমে প্রমাণিত হইলো বাংলাদেশ দল যে কোন দেশের সাথে জিততে পাইরবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/ডিডি/০১১২ ঘ.