ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘাতময় লিবিয়া ছেড়ে আসা বাংলাদেশিদের খোঁজ-খবর এবং তাদের দেশে ফেরার বন্দোবস্ত দেখতে মিশর যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। উত্তর আফ্রিকার দেশটি থেকে ইতোমধ্যে ফিরেছে ১১ হাজার জন।
পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস শুক্রবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রীর মিশর সফরের খবর জানান।
দীপু মনি মিশর রওনা হচ্ছেন শনিবার। তার আগে শুক্রবার রাতেই মিশরের পথে ঢাকা ছাড়ছেন পররাষ্ট্র সচিব। তিনি তিউনিসিয়াও যাবেন।
সংবাদ সম্মেলনে মিজারুল বলেন, "মিশর সীমান্তে অবস্থান নেওয়া বাংলাদেশিদের অবস্থা দেখবেন মন্ত্রী। তিনি আলেকজান্দ্রিয়া এয়ারপোর্ট থেকে লিবিয়াফেরতদের নিয়ে বিমানের প্রথম ফ্লাইট যাত্রার সময়ও উপস্থিত থাকবেন।"
লিবিয়া থেকে পালিয়ে আসা বাংলাদেশিদের ফেরাতে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে অন্য যারা তারা ফিরেছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ব্যবস্থাপনায় বিভিন্ন এয়ারলাইন্সে।
তিউনিসিয়ায় আশ্রয় নেওয়া লিবিয়াপ্রবাসীদের ফেরাতেও বাংলাদেশ বিমানের ফ্লাইট পরিচালনা হবে বলে সচিব জানান।
চার দশকের শাসনকর্তা মুয়াম্মার গাদ্দাফির পতনের লক্ষ্যে সরকারবিরোধী আন্দোলনে তিন সপ্তাহ ধরে উত্তাল লিবিয়া। সংঘাত-সহিংসতার কারণে সেখানে থাকা অর্ধলক্ষাধিক বাংলাদেশির অনেকে সীমান্ত পাড়ি দিয়ে মিশর ও তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছে।
মিজারুল জানান, গত দুই দিনে লিবিয়া থেকে ২ হাজার বাংলাদেশি তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছে। এর আগে গেছে ২০০ থেকে ৩০০ জন।
"আমি তাদের সঙ্গে কথা বলবো। তাদের কাছে জানতে চাইবো, কেন লিবিয়া থেকে এখন এত মানুষ পালাচ্ছে", বলেন তিনি।
মিজারুল জানান, আগামী সপ্তাহ খানেকের মধ্যে লিবিয়ার প্রতিবেশী দেশ দুটিতে আশ্রয় নেওয়া ১৯ হাজার বাংলাদেশির সবাইকে ফেরত আনা হবে।
প্রধান বিরোধী দল বিএনপি লিবিয়া থেকে সবাইকে ফেরতের দাবি জানিয়ে এলেও সরকারের এর বিপক্ষে। লিবিয়া থেকে লোকদের ফেরত আনার বিষয়ে মিজারুল ইতোপূর্বে বলেন, এটা প্রত্যাহার নয়, স্থানান্তর।
মিশর সীমান্তে বর্তমানে ৩ সহস্রাধিক বাংলাদেশি রয়েছে জানিয়ে সচিব বলেন, তিন-চার দিনের মধ্যে তাদের বিষয়টি সুরাহা হলে সেখানে দায়িত্বরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের তিউনিসিয়া সীমান্তে কাজে লাগানো হবে।
গ্রিস থেকে ফেরত আসে লাশ নিয়ে জটিলতাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, "আমরা খতিয়ে দেখেছি, মনিরুজ্জামানের লাশ এসেছে, শফিউল আজমের নয়।"
লিবিয়া ছেড়ে যাওয়া এক দল বাংলাদেশিদের মধ্যে তিন জন গ্রিস উপকূলে সাগরে ডুবে মারা যায়। তারা একটি জাহাজে ছিলেন। জাহাজ থেকে লাফিয়ে পড়ে সাঁতরে গ্রিসে উঠতে চেয়েছিলেন তারা। তবে সাগরে ডুবে যান ১৪ জন। এর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার তিন জনের লাশ আসে। তবে একটি কফিনে সাভারের শফিউলের পাসপোর্ট ও কাগজপত্র থাকলেও সেখানে লাশ ছিলো মনিরুজ্জামানের, যা শফিউলের পরিবার কফিন বাড়িতে নেওয়ার পর দেখতে পায়।
সচিব বলেন, যে ১১ জন নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে শফিউল থাকতে পারেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার আরো ৪৯২ জন লিবিয়াপ্রবাসী দেশে ফিরেছেন। এ নিয়ে সংখ্যাটি ১১ হাজার ৫০৪ জনে দাঁড়ালো। শনিবার আরো ৯৭৪ জন ফেরার অপেক্ষায় আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯৪৪ ঘ.
bdnews24