ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্নকে এগিয়ে নিতে নতুন মানবিক সমাজ গড়ার শপথ নিলো নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত মুক্তির উৎসবে ঢাকা ও আশেপশের ৭৯টি স্কুলের তিন হাজারেরও বেশি শিক্ষার্থী এই শপথ নেয়।
তাদের শপথ পড়ান পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বীর উত্তম। মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘর এই মুক্তির উৎসবের আয়োজন করে।
মুক্তিবাহিনীর উপ প্রধান এ কে খন্দকারের সঙ্গে শপথবাক্যে শিক্ষার্থীরা বলে, 'আমরা সমবেতভাবে শপথ করছি যে, সকল ব্যর্থতা অতিক্রম করে গত চার দশকের অর্জনগুলো সুরক্ষা করব। সকল ধর্ম ও জাতিসত্ত্বার মানুষের সম অধিকার নিশ্চিত করে একটি মানবিক সমাজ গড়ে তুলবো।'
শপথবাক্য পড়ানোর পর তিনি সাংবাদিকদের বলেন, "এ ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমাদের জাতীয় চেতনাকে উঁচুতে তুলে ধরা। মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এবং তাদের দেশপ্রেমিক সচেতন নাগরিক হতে এ উৎসব সাহায্য করবে।"
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মুক্তির উৎসব সাজানো হয় আলোচনা অনুষ্ঠান, মুক্তির গান আর নৃত্য পরিবেশনার মাধ্যমে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকের আলোচনা অনুষ্ঠানে বলেন, "একমাত্র মুক্তির চেতনাই পারে সকল ক্ষেত্রে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে। আর তাই আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যেতে হবে।"
ট্রাস্টি ডা. সারওয়ার আলী বলেন, "দেশের ৩৩টি জেলায় এ উৎসব পালিত হচ্ছে। ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী এতে অংশ নেবে বলে আশা করছি আমরা।"
অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, স্থপতি রবিউল হুসাইন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মুক্তির উৎসবে উপস্থিত ছিলেন।
উৎসবে গান পরিবেশন করেন শিল্পী ফেরদৌস আরা, বুলবুল ইসলাম ও বাপ্পা মজুমদার।
এছাড়া ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল, বাড্ডা আলাতুন্নেছা স্কুল এন্ড কলেজ, চুয়াডাঙ্গার হারদি মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইলস্টোন কলেজ, ঢাকা কমার্স কলেজ ও ইউসেপ স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮২১ ঘ.
bdnews24