সুনামগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গানে গানে গুরুবন্দনা করতে শত শত বাউল সাধক জড়ো হয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে।
বাউল সম্রাটের ৯৬তম জন্মদিন উপলক্ষে শুক্রবার কালনী নদীর তীরে শুরু হয়েছে দুদিনব্যাপী 'শাহ আবদুল করিম লোক উৎসব'।
বিকেল ৪টায় উজানধল গ্রামের মাঠে এই উৎসবের উদ্বোধন করেন কবি ও সংস্কৃতি কর্মী শুভেন্দু ইমাম।
লোক উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার রাত থেকেই উজানধলে আসতে শুরু করেন শাহ আবদুল করিমের ভক্ত আর শিষ্যরা। দোকানীরা রাতেই হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সকাল থেকেই উৎসবস্থল পরিণত হয় মেলার মাঠে।
বাউল বশির উদ্দিন বলেন, "গুরুজিকে নিয়ে চর্চা করছি, তার গানই এখন আমার ধ্যানজ্ঞান।"
বাউল সম্রাটের শিষ্য আবদুর রহমান বলেন, "আমি ৩৫ বছর গুরুজির সান্নিধ্যে ছিলাম। আজ তিনি নেই। তাকে ছাড়াই দুই বছর ধরে এই লোক উৎসব হচ্ছে। আমরা, তার শিষ্যরা, শুক্র ও শনিবার সারা রাত বাউল সম্রাটের গান পরিবেশন করবো।"
শাহ আব্দুল করিমের জীবন ও তার সৃষ্টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন সুমন কুমার দাস। তিনি বলেন, "শাহ আবদুল করিম আমাদের মাটি ও সংস্কৃতির সাথে মিশে আছেন, তাকে জানার শেষ নেই।"
আব্দুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, "এবারের উৎসবে দেশ-বিদেশ থেকে বাবার ভক্ত, শিষ্যরা এসেছেন। তারা দুই দিন তার গান পরিবেশন করবেন। শনিবার লোক উৎসব শেষ হবে।"
প্রায় আড়াই হাজার গানের স্রষ্টা বাউল শাহ্ আব্দুল করিম ১৯১৬ সালের ১৬ ফেব্র"য়ারি দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের এই সংগঠক একুশে পদকসহ অসংখ্যা পদকে ভূষিত হয়েছেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোহনা টেলিভিশনের ভাইস চেয়ারম্যান শেখ ওয়াহিদুর রহমান, উৎসবের পৃষ্ঠপোষক বাংলালিংকের কর্মকর্তা এস কে নুরুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭৩২ ঘ.
bdnews24