২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান আবারো পাঁচ দিনের রিমান্ডে

বানিয়ারচর গীর্জায় বোমা হামলা ও হত্যা মামলায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান মুন্সিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 10:29 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গোপালগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বানিয়ারচর গীর্জায় বোমা হামলা ও হত্যা মামলায় হরকাতুল জিহাদ প্রধান মুফতি আব্দুল হান্নান মুন্সিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মো. আলমগীর কবীর এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আব্দুল হান্নান মুন্সিকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ডের শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মুফতি হান্নান বলেন, "বিভিন্ন মামলায় আমাকে ৪০২ দিন রিমান্ডে নিয়েছে সরকার। ইতিমধ্যে বানিয়ারচর গীর্জায় বোমা হামলার ঘটনায় সাত দিনের রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় অভিযোগ করে রিমান্ড মঞ্জুর না করার আবেদন জানান তিনি। ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা হামলায় প্রার্থনারত ১০ যুবক নিহত ও ৫০ জন আহত হয়। পরের দিন এ ব্যাপারে মুকসুদপুর থানায় বোমা হামলা ও হত্যার অভিযোগে দুটি মামলা (বোমা হামলা ও হত্যা) দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬২৫ ঘ.