২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে অর্ধশত বাড়ি ভস্মীভূত

খাগড়াছড়ি শহর ও মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

খাগড়াছড়ি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি শহর ও মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে গেছে। এরমধ্যে শহরে ১৯টি ঘর ও ৫টি দোকান এবং মাটিরাঙ্গার তবলছড়িতে ২৫টি বসত বাড়ি ও দোকান পুড়ে গেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ক্ষতিগ্রস্থরা জানিয়েছে, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। খাগড়াছড়ি ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে মুসলিম পাড়ায় আগুন লাগে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন শাহ আলম। তিনি ক্ষতিগ্রস্থদের সহায়তায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান। খাগড়াছড়ি থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসী ও অগ্নি-নির্বাপক বাহিনী প্রায় দু'ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দু'জন আহত হয় বলে জানান ওসি। আগুনে ১১কেভির ১টি ট্রান্সফরমার, মেইন লাইন ও সার্ভিস লাইনের তার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। স্থানীয় সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, জেলা প্রশাসক আনিস-উল-হক ভূঁইয়া ও পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ির টাইনডং বাজারে ২৫টি বসত ঘর ও দোকান আগুনে পুড়ে গেছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খাগড়াছড়ি জেলা ও রামগড় উপজেলার অগ্নি-নির্বাপক বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ইউএনও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬১১ ঘ.