সাতক্ষীরা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে বাঘের লোকালয়ে চলে আসার ঘটনা বেড়েই চলেছে। মাত্র ২১ দিনের মধ্যে সাতক্ষীরার শ্যামনগরে বাঘ হানা দিয়েছে দুই বার। এতে আতঙ্ক দেখা দিয়েছে এ জনপদের অধিবাসীদের মধ্যে।
শুক্রবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের গোলাখালি গ্রামে লোকালয়ে ঢুকে পড়ে একটি বাঘ। তবে প্রতিরোধের মুখে ছাগল শিকার করে ফের বনে ফিরে যায় সেটি।
এর আগে ২০ ফেব্র"য়ারিও উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর সাধু পাড়ায় বাঘ ঢুকে পড়লে চেতনানাশক দিয়ে অচেতন করে সেটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।
সরকারের তথ্য অনুযায়ী, দুই বছরে (২০১০ সালের জুলাই পর্যন্ত) লোকালয়ে বাঘ এসেছে ১২৩ বার। এতে গণপিটুনিতে পাঁচটি বাঘ মারা গেছে; বাঘের আক্রমণে মারা গেছে ৫১ জন মানুষ ও ৩৬টি গবাদিপশু।
বাংলাদেশে ২০০০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৯৩ জন মানুষ বাঘের আক্রমণে মারা যায়। এ সময়ে বাঘ মারা পড়েছে ২৩টি।
২০০৪ সালের শুমারি অনুযায়ী সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ৪৪০টি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের বন কর্মকর্তা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত তিনটার দিতে খাল পার হয়ে বাঘটি লোকালয়ে চলে আসে। পরে চিংড়ি ঘের কর্মচারীরা বন বিভাগকে জানায়।
খবর পেয়ে রাত সাড়ে চারটার দিকে 'টাইগার রেসপন্ড টিম'-এর সদস্যরা গোলাখালি গ্রামে যায়।
'টাইগার রেসপন্ড টিম' লিডার উসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে চারটার দিকে গ্রামের ভরত বেপারির গোয়াল ঘরে বাঘটির অবস্থান নিশ্চিত করি। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও পটকার শব্দে বাঘটি একটি ছাগল মুখে নিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসে।
"এরপর বাঘটি খাল পেরিয়ে আবারও সুন্দরবনে ঢুকে পড়ে। কোনো মানুষ বাঘের আক্রমণের শিকার হননি", বলেন তিনি।
এদিকে, বারবার লোকালয়ে বাঘ প্রবেশ করায় সুন্দরবন সংলগ্ন গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বনে খাবার সংকট দেখা দেওয়ায় বাঘ লোকালয়ে প্রবেশ করছে।"
এ অবস্থায় এলাকায় বনরক্ষীদের টহল বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
সাধারণত বড় আকারের একটি বাঘের দৈনিক চাহিদা ৮-৯ কেজি মাংস। চাহিদা পূরণ না হলেই বাঘ খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩৭ ঘ.
bdnews24