২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

মানিকগঞ্জ প্রতিনিধি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাত জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে নয়াডিঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। দমকল বাহিনী ও পুলিশ উদ্ধার কার্যক্রম চালায়। নিহতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর গ্রামের আলেয়া বেগম (৪০), ধামরাইয়ের ধুলসর গ্রামের সোলায়মান কবির (২৮), সোয়াপুর গ্রামের লিমা (৮), মোশারফ হোসেন (১২), মমতাজ বেগম (৪১), মানিকগঞ্জের সাটুরিয়ার সোহেল (৬) এবং ধানকোঁড়া গ্রামের রাজিয়া (১৭)। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয় বলে উদ্ধারকর্মীরা জানায়। দমকল বাহিনীর মানিকগঞ্জ স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকাগামী বালুভর্তি ট্রাক আর পাটুরিয়াগামী যাত্রীবাহী বাস পল্লী সেবা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয় বলে উদ্ধারকর্মীরা জানায়। আহতদের মধ্যে ২০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঢাকা ও সাভারের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাটুরিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধারের কাজ চলছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৪১ ঘ.