নাটোর, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যা মামলার ১১ আসামি বৃহস্পতিবার নাটোর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
গত ৬ মার্চ হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে। মুক্তির পর বনপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে আসামিদের জামিনের খবর পেয়ে শঙ্কিত হয়ে উঠেছে সানাউল্লাহ নূরের পরিবার।
মুক্তিপ্রাপ্তরা হলেন- রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আব্দুল খালেক, মো. হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা।
আসামিদের আইনজীবী আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৬ মার্চ বিচারপতি মো. শামসুল হুদা ও আবু বক্কর সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ ওই ১১ জনকে ছয় মাসের জামিন দেন।
আরিফুর রহমান বৃহস্পতিবার সকালে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের কাছে জামিননামা দাখিলের অনুমতি চান। হাকিম মোহাম্মদ শরিফ উদ্দিন প্রত্যেকের দশ হাজার টাকা মুচলেকায় জামিননামা দাখিলের নির্দেশ দিলে দুপুরে তা দাখিল করেন আসামিদের আইনজীবী।
বিকেলে জামিননামা নাটোর কারাগারে পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে ১১ জনকে মুক্তি দেওয়া হয় বলে আরিফুর রহমান জানান।
কারাগারের ফটকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মুক্তিপ্রাপ্তদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। পরে মোটর শোভাযাত্রা করে তাদের বড়াইগ্রাম উপজেলা পরিষদের শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পর মুক্তিপ্রাপ্তদের নিয়ে বনপাড়া বাজারে এক সংবর্ধনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
গত বছর ৮ অক্টোবর সকালে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সন্ত্রাসীরা বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ নূরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। নিহতের স্ত্রী মহুয়া নূর এ ঘটনায় বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।
পরে ২৮ অক্টোবর নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে সম্পূরক অভিযোগ দাখিল করেন তিনি।
বর্তমানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী মামলাটির তদন্ত করছেন। ঘটনার পাঁচ মাস পরও আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তিনি।
মুক্তি পাওয়া আসামিদের মধ্যে ছাত্রলীগ কর্মী রাসেল হোসেন ওরফে রাপ্পুকে নাটোরে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা থেকে আশরাফুল ইসলাম ওরফে মিঠু, লুৎফর রহমান ওরফে বাবু ও বাদশাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এছাড়া গত ১ ডিসেম্বর সাতজন আসামি বড়াইগ্রাম আমলি আদালতে আত্মসমর্পণ করেন। ওই দিন আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান।
নিহত সানাউল্লার নূরের স্ত্রী মহুয়া নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা দিনের আলোয় শত শত মানুষের সামনে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করলো, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। ঘটনার সময় ধারণ করা ভিডিও চিত্রেও এসব আসামিদের দেখা গেছে। অথচ সরকার এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন দিতে পারলো না।
আসামিরা মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে মহুয়া বলেন, "এ অবস্থায় আমি সন্তানদের নিয়ে কোথায় যাবো ভেবে পাচ্ছি না।"
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩০৭ ঘ.
bdnews24