ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার জেলার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ হান্নান।
আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।
মামলার বিবাদীরা হলেন- নাসিরনগর উপজেলা চেয়ারম্যান মো. আহসানুল হক মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং নূরপুর গ্রামের মো. মূসা মিয়া।
মামলার নথি থেকে জানা যায়, গোকর্ণ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্যে তিনটি প্রকল্প বাস্তবায়নের জন্যে গোকর্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে কমিটি গঠন করা হয়। পরে ওই ওগুলো বাতিল ও অন্য কমিটি গঠন করে 'অনিয়মের উদ্দশ্যে' ডিও দেওয়া হয়।
গত ১৭ জানুয়ারি এক চিঠিতে এ কাজের জন্য আগের কামিটিকে ১৬৩ মেট্রিক টন গম বরাদ্দের কথা বলা হয়। সে আলোকে পরে ২৬ জানুয়ারি গোকর্ণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, ওয়ার্ড সদস্য, সমাজকর্মী ও স্কুল শিক্ষকসহ সাত সদস্েযর প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করে তা উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার/ রক্ষণাবেক্ষণ কমিটির কাছে পাঠানো হয়।
কিন্তু কমিটির সদস্যরা প্রকল্পের গম উত্তোলনের বিষয়ে কোনো নির্দেশনা না পেয়ে উপজেলা চেয়ারম্যান এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. আহসানুল হককে কারণ দর্শানো নোটিশ দেন।
কিন্তু আহসানুল হক নোটিশের কোনো জবাব দেননি।
এক পর্যায়ে গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নানের কমিটিকে বাদ দিয়ে অন্য একটি কমিটি গঠন করে প্রকল্পের কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়।
ওই কমিটির সদস্য উপজেলার নূরপুর গ্রামের মো. মুসা মিয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা 'বেআইনিভাবে' ডিও লেটার প্রদান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24