ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ছাদে অননুমোদিত স্থাপনা নির্মাণ বন্ধে আদালতের নির্দেশ সত্ত্বেও কেন দায়িত্ব পালন করতে পারেনি তার ব্যাখ্যা দিতে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের সাত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।
তারা হলেন- গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মোবারক হোসেন, রাজউকের প্রধান ইমারত পরিদর্শক কে এম নজরুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভূঁঞা এবং হাইকোর্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান।
বৃহস্পতিবার বিচাপরপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ আগামী রোববার তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বপ্রাপ্ত সরকারী আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আদালত বলেছে- তারা দায়িত্ব পালনে সক্ষম কি না? সক্ষম না হলে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দানে সরকারকে নির্দেশ দেওয়া হবে। অন্যথায় তাদেরকে দায়িত্ব পালন করতে হবে।
সুপ্রিম কোর্ট বার ভবনের ছাদে গত ১৫ জানুয়ারি টিনশেড ঘর নির্মাণের কাজ শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
গত ৬ মার্চ হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ স্ব-প্রণোদিত আদেশে 'কেন অবৈধ স্থাপনা ভাঙার আদেশ দেওয়া হবে না' এই মর্মে রুল জারি করে। আদালত সেইসঙ্গে ওই ঘরের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
এর পরিপ্রেক্ষিতে গত ৯ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে একদল পুলিশ ওই টিনশেড ঘর ভাঙতে গিয়ে আইনজীবীদের তোপের মুখে ফিরে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২২০৯ ঘ.
bdnews24