২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ওয়াসা'র যাত্রা শুরু

রাজশাহী মহানগরে ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ওয়াসা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

রাজশাহী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরে ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি (ওয়াসা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সপুরা আহম্মদনগরে অস্থায়ী কার্যালয়ে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে ওয়াসার ফলক উন্মোচন করেন। রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়ররে স্ত্রী শাহিন আক্তার রেনী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, ওয়াসার নির্বাহী প্রকৌশলী পারভেজ মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য আখতার জাহান, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাতীয় পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক জোহা সরকার, মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা কমান্ডার সাইদুর রহমান প্রমুখ। এছাড়া রাসিকের কাউন্সিলর-কর্মকর্তা এবং স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে মেয়র বলেন, সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ আগামী ৫০ বছর পরের চাহিদার কথা বিবেচনা করে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। ওয়াসা স্থাপন তারই একটি অংশ। এই প্রতিষ্ঠান যাতে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠে এবং নগরবাসীর পানির চাহিদা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে পারে, সে জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। বৃষ্টিপাতের অভাবে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। তাই ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে সারফেস ওয়াটার ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি মন্ত্য করেন। ২০০০ সালে রাজশাহীতে ওয়াসা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু নানা জটিলতার কারণে তা বাস্তবায়িত হয়নি। এদিকে রাসিকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ২০১০ সালের ১ অগাস্ট রাজশাহী মহানগরী এলাকার জন্য পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ রাজশাহী ওয়াসা গঠন করেছে। 'রাজশাহী ওয়াসা'র নির্বাহী প্রকৌশলী পারভেজ মাসুদ সাংবাদিকদের বলেন, রাসিকের পানি সরবরাহের সমস্ত অবকাঠামো ওয়াসা গ্রহণ করবে এবং নির্ধারিত পানির চার্জ বহাল রাখবে। ফলে ওয়াসার পানি ব্যবহারের জন্য নগরবাসীকে কোনো বাড়তি চার্জ দিতে হবে না। এছাড়া নতুন আবাসিক এলাকায় বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থাও ওয়াসা কর্তৃপক্ষ করবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.