পটুয়াখালী, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে এক ব্যাক্তির চোখ তুলে ফেলার ঘটনায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ বকাউল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- মো. বশির, আলমগীর হোসেন, কালাই (কালাম), বজলুর রহমান, মো. হালিম, শাহ আলম, মো. সুলতান ও নাসির উদ্দিন। এদের সবাই পটুয়াখালীর পায়রাগঞ্জের পশ্চিম পাড়ের বাসিন্দা।
মামলায় বাদিপক্ষের আইনজীবী আরিফুল হক টিটু সাংবাদিকদের জানান, ২০০৬ সালের ২১ নভেম্বর পটুয়াখালী শহরের কালিবাপুরের বাসিন্দা মো. দ্বীন ইসলাম দিলুকে অপহরণ করে তার দুই চোখ তুলে নেয় শ্বশুর বাড়ির লোকজন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটে।
ঘটনার ৮ দিন পর ২৯ নভেম্বর দিলুর ছোট ভাই মো. কামাল মৃধা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৭ সালের ৩১ মে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আইনজীবী টিটু জানান, আদালত আসামিদের যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে।
আসামিদের মধ্যে বশির, আলমগীর ও নাসির রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। কালাই কালাম ও সুলতান পলাতক রয়েছেন। এছাড়া বজলুর রহমান, মো. হালিম ও শাহ আলম কখনোই আদালতে হাজির হয়নি বলে জানান টিটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০৪৩ ঘ.
bdnews24