২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০১৩ সালের মধ্যে সচিবালয় স্থানান্তর'

রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের কাজ ২০১৩ এর মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের কাজ ২০১৩ এর মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেছেন, সচিবালয় স্থানান্তর করে শেরে বাংলা নগরে নেওয়ার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন। বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, "পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন সমাপ্তির সময় নির্ধারণ করে প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।" কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মিথ্য হলফনামা দিয়ে প্লট বরাদ্দ নেওয়া হয়েছে- এমন অভিয়োগ অনুসন্ধান করে দেখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর তদন্ত করে রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চট্টগ্রাম-৩ আসনের সাংসদ এ বি এম আবুল কাসেমের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, "সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় ন্যূনতম দুইটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ ২০১২ সালে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।" এ দুইটি কেন্দ্রের মাধ্যমে আনুমানিক দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৪৪ ঘ.