ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের আগেই শেষ হতে পারে সংসদের চলতি অধিবেশন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আওয়ামী লীগের নামপ্রকাশে অনিচ্ছুক এক সাংসদ।
অষ্টম অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টার বৈঠক থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে চলতি অধিবেশন ২৬ মার্চের আগেই শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক সাংসদ। এ বিষয়ে শেখ হাসিনা তার সম্মতিও দিয়েছেন।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে চলতি অধিবেশন ২৪ মার্চ পর্যন্ত চলবে।
শেখ হাসিনা তার প্রারম্ভিক বক্তব্যে বলেন, সাংসদরা যেন রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য রাখতে পারেন, সেজন্য স্পিকারকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপনের জন্য অনুরোধ করা হবে।
বৈঠকে এপ্রিলের মাঝামাঝি একটি সংক্ষিপ্ত অধিবেশনের বিষয়েও আলোচনা হয়েছে। ওই অধিবেশনে সংবিধান সংশোধন বিল উত্থাপন এবং তা পাশ করানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০১৪ ঘ.
bdnews24