২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের তাজপুরে শাখা খুললো কৃষি ব্যাংক

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের তাজপুরে কৃষি ব্যাংকের নতুন একটি শাখা খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সিলেট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরের তাজপুরে কৃষি ব্যাংকের নতুন একটি শাখা খোলা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার এ শাখা উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নানামুখী পদক্ষেপ অব্যাহত রেখেছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের এটি ৯৬৯তম শাখা। মুহিত বলেন, কৃষকদের স্বার্থেই তাজপুরে কৃষি ব্যাংকের শাখা খোলা হয়েছে। এখন থেকে কৃষকরা এ শাখায় কৃষিঋণসহ সব সেবা পাবে। অর্থমন্ত্রী আগামী ২ বছরের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে সিলেট হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত এলাকা ৪ লেনে উন্নীত করাসহ ওসমানীনগর উপজেলা বাস্তবায়নের আশ্বাস দেন। কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোক্তার হোসেনের সভাপতিত্বে শাখা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য আশরাফ আলী, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.