ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন বলেই এখন বিরোধীদলীয় নেতা সব কিছুতেই 'অবৈধ' দেখছেন।
খালেদা জিয়ার বক্তব্যের জবাবে বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান সরকারের সমালোচনা করে মঙ্গলবার বলেছিলেন, 'সরকার বৈধ নয়'। তার দল ক্ষমতায় গেলে বর্তমান সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অবৈধভাবে অপসারণ করা হয়েছে বলেও মন্তব্য করেন খালেদা।
শেখ হাসিনা বলেন, "আমি বিরোধীদলীয় নেতাকে বলবো- সরকার, নির্বাচন ও ভোটার তালিকাকে অবৈধ বলে জনগণের রায়কে অসম্মান করবেন না।"
"ঊনি ইদানিং সব কিছুতেই অবৈধ দেখছেন। সরকার, নির্বাচন কমিশন আর ভোটার তালিকা সব কিছুকেই অবৈধ বলছেন। ওনারা সকল কিছুকেই অবৈধ দেখবেন। কারণ ৭৫-এ জাতির জনককে হত্যার পর ওনার স্বামী অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন।"
"তারা বৈধ জিনিসকে অবৈধ দেখবেন- এটাই স্বাভাবিক", বলেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
ভোটার তালিকাকে অবৈধ বলার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "ওনার তৈরি ভোটার তালিকা থেকে এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বের হয়েছিলো। ৩০০ আসনে এই ভুয়া ভোটার ভাগ করে দিলে নির্বাচনে এমনিতেই কারচুপি হয়ে যেতো।"
'দশম সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং'
বৈঠকে দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু করার আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, "আমরা আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম চালু করতে চাই। যাতে করে নির্বাচনে কোনোভাবেই কারচুপি না হয়।"
খালেদা জিয়া বুধবারই বলেছেন, তারা ইলেকট্রনিক ভোটিং তারা মেনে নেবেন না। অবশ্য নির্বাচন কমিশন এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির দিকে এগোচ্ছে।
বিরোধী দলকে সংসদে দেখার আশা
চলতি অধিবেশনেই বিরোধীদল সংসদে যোগ দেবে বলেও আশা প্রকাশ করেন সংসদ নেতা।
হাসিনা বলেন, "নিজেদের সংসদ সদস্যপদ টিকিয়ে রাখতে হলেও তারা সংসদে যোগ দেবেন। কারণ তাদের ৯০ দিনের মেয়াদ শেষ হয়ে এসেছে।"
গণতন্ত্র সুসংহত করতে দলীয় সাংসদদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে নিজ নিজ এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভানেত্রী।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের 'আপ্রাণ' চেষ্টার বিষয়টিও বৈঠকে উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৫৫৬ ঘ.
bdnews24