ঝিনাইদহ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফিরেছে ৩৭ জন বাংলাদেশি।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে তারা বন্দি ছিলো। দেশে ফেরার দাবিতে কারাগারে তারা অনশন করে। বুধবার ভারতীয় কর্তৃপক্ষ লালমনিরহাট জেলার বুড়িমারী চেকপোষ্ট দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছে।
বুড়িমারি চেকপোষ্টের ওসি ইমিগ্রেশন মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকাল ৩ টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ ৩৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করে।
প্রত্যাগতরা জানান, তারা নানা প্রকার আইনি জটিলতার কারণে দেশে ফেরত আসতে পারছিলেন না। গত বুধবার তারা দেশে ফেরার দাবিতে কারাগারে অনশন শুরু করেন। এ ব্যাপারে ভারতের কর্তৃপক্ষ কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে। দুদেশের মধ্যে আলোচনা শেষে তাদের ৩৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বুড়িমারি চেকপোষ্টের ওসি আরো জানান, ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি ঠাকুরগাঁ, পঞ্চগড় ও নিলফামারী জেলার বিভিন্ন স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩৩৮ ঘ.
bdnews24