ঝিনাইদহ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে কালীগঞ্জের দুটি গ্রামে আবার পানের বরজে আগুন লেগেছে।
বুধবার সকালে উপজেলার রায়গ্রাম ও দুলাল মুন্দিয়া গ্রামে প্রায় চারশ বিঘা জমির পান বরজ আগুনে পুড়ে যায়। এ সময় রায়গ্রামের তিনটি বাড়িও ভাষ্মিভূত হয়।
ঝিনাইদহ ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মকর্তা লুৎফর রহমান জানান, দমকল বাহিনীর কর্মীরা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পানচাষিরা।
তারা জানান, সকাল ১১ টার দিকে রায়গ্রামের দাসপাড়ার মাঠে প্রথমে আগুন লাগে। পরে তা আশেপাশের বিভিন্ন বরজে ছড়িয়ে পড়ে। এ সময় রায়গ্রামের তিনটি বাড়িও আগুনে পুড়ে যায়।
পানচাষি গাজিয়ার রহমান জানান, গ্রামের মানুষ সেচের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচণ্ড তাপের কারণে বরজের আশে পাশে কেউ ভিড়তে পারেনি।
দমকল কর্মকর্তা লুৎফর রহমান বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। কিন্তু পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এক পর্যায়ে ঝিনাইদহ, কোটচাঁদপুর ও যশোর থেকে তিনটি ইউনিট এসে আমাদের সঙ্গে যোগ দেয়।"
কালীগঞ্জ থানার ওসি এসএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ওই এলাকা পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, "এই এলাকায় বারবার পানের বরজে আগুন লাগার রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।"
এর আগে ৯, ২২ ও ২৬ ফেব্র"য়ারি একই গ্রামে শতাধিক বিঘা জমির পান বরজ আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত চাষীরা বলছেন, তারা ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে পান চাষ করেন। এভাবে বারবার বরজে আগুন লাগলে তারা ঋণের কিস্তি শোধ করতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জেকে/২২১৭ ঘ.
bdnews24