ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসে জনবল অপ্রতুল হওয়ায় প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বুধবার জাতীয় সংসদে মঈনুদ্দিন খান বাদলের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রী জানান, বিশ্বের ৪৭টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। এসব দূতাবাসে প্রবাসীর তুলনায় জনবল অপ্রতুল। ১৯৮২ সালের জনবল কাঠামো নিয়ে চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময়ে যেখানে প্রবাসী বাংলাদেশি ছিল প্রায় ৪ লাখ, সেখানে বর্তমানে ৭৫ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে।
"প্রবাসী বেড়েছে প্রায় কুড়ি গুণ। এ তুলনায় জনবল একেবারেই নেই। বিদ্যমান জনবল দিয়ে প্রবাসীদের সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয় না।"
তিনি জানান, প্রবাসীদের অনেকে যথাযথ নিয়মে বিদেশে যান। অনেকেই আবার প্রতারিত হন। দূতাবাসের বিরুদ্ধেও অনেক অভিযোগ আসে। সবগুলো সঠিক বা সবগুলোই ভুল অভিযোগ- এমন নয়।
"দুতাবাসগুলো রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি দ্বিপাক্ষিক কার্যক্রম সম্পন্ন করা তাদের নিত্যনৈমিত্তিক কাজ। এর বাইরে প্রবাসীদের সেবা দিতে হয়। কেউ যদি প্রতারিত হয় তাকেও নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে হয়।"
প্রবাসীদের সেবা ও সংবেদনশীলতা জোরদারের বিষয়ে দূতাবাস কর্মকর্তাদের সময়ে সময়ে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান তিনি।
দীপু মনি জানান, আফিকা মহাদেশের মাত্র পাঁচটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে। আরো একটি দেশে বাংলাদেশ মিশন চালুর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, আফ্রিকা মহাদেশে মিশর, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা, মরক্কো ও কেনিয়ায় বাংলাদেশ দূতাবাস রয়েছে।
"এ ছাড়াও সুদানে বাংলাদেশ মিশন খোলার ব্যাপারে সব আনুষ্ঠাকিতা শেষ হয়েছে। খুব শিগগির সেখানে চার্জ দ্য এফেয়ার্স পর্যায়ের একজন কর্মকর্তা যোগ দেবেন।"
পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবসহ আফিকার ছয়টি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো তাদের পার্শ্ববর্তী আফ্রিকান দেশগুলোর সমবর্তী দায়িত্বে নিয়োজিত রয়েছে।
মিশরের বাংলাদেশ দূতাবাসে সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ হচ্ছে- আলজিরিয়া ও সোমালিয়া। লিবিয়ার সমবর্তী দেশ তিউনেসিয়া; দক্ষিণ আফ্রিকায় সংশ্লিষ্ট রয়েছে বতসোয়ানা, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক ও এঙ্গোলা; মরক্কো- মালি, নাইজেরিয়া, সেনেগাল ও সিয়েরা লিওন; কেনিয়া- উগান্ডা, তানজানিয়া, ঘানা ও মরিশাস এবং সৌদিআরব-ইথিওপিয়া।
যেসব দেশে বাংলাদেশ মিশন নেই এমন একটি তালিকা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আফ্রিকার অন্যান্য দেশগুলোর সঙ্গে প্রয়োজনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে। এছাড়া আরো কিছু রাষ্ট্রে নতুন মিশন/উপ মিশন খোলার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং কার্যক্রম চালুর প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়াধীন।
বাংলাদেশ ভবনের বিকির অর্থ বর্তমানে ৬ লাখ ৬৬ হাজার পাউন্ড
চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, লন্ডনে ঐতিহাসিক বাংলাদেশ ভবন ১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের কমিউনিটি সদস্যরা ১০ হাজার বৃটিশ পাউন্ডে কেনে।
ভবনটির রাম রাখা হয় পূর্ব পাকিস্তান হাউস। স্বাধীনতার পর ট্রাস্টি বোর্ড ভবনটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ভবন রাখে।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুর যুক্তরাজ্য সফরে ট্রাস্টিরা প্রবাসীদের সঙ্গে পরামর্শ করে ছাত্রদের ব্যবহারের উদ্দেশ্যে ভবনটির মালিকানা সরকারের কাছে হস্তান্তর করে।
পরে তা ব্যবহারের অনুপযোগী হয়। এক পর্যায়ে উদ্বাস্তুদের দখল থেকে উদ্ধার করে ভবনিট বিক্রি করে অন্য একটি ভবন কেনার সিদ্ধান্ত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এরই ধারাবাহিকতায় ভবন বিক্রয়ের অর্থ বর্তমানে লন্ডনে সোনালী ব্যাংকে হাই কমিশনের একটি একাউন্টে রক্ষিত আছে। জমাকৃত অর্থ বর্তমানে সুদে আসলে ৫ লাখ ৬৫ হাজার ৯৯৭ দশমিক ৫৯ বৃটিশ পাউন্ডে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০২৭ ঘ.
bdnews24