ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে অপহরণের পর মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন ইব্রাহীমপুরের কাফরুলের তৈরি পোশাক শিল্প ব্যবসায়ী মো. শহীদুল্লাহ খান।
মামলার আসামিরা হলেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কামাল উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) জয়নাল, কামরুল হাসান খোকন, মোস্তাফিজুর রহমান, অভি, সম্রাট, হাবিব, সবুজ, হাসান, জয়, রুবেল, রেজাউল ও আহাদ।
মহানগর হাকিম মো. শামসুল ইসলাম বাদির জবানবন্দি নিয়ে মৌখিকভাবে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদির আইনজীবী মো. জাকির হোসেন।
মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, বাদি 'এরিষ্টোক্রেট' ইন্টরন্যাশনাল নামের একটি বায়িং হাউসের সত্বাধিকারী। তিনি গত বছরের ১৮ অক্টোবর এক লাখ ১৬ হাজার মার্কিন ডলার মূল্যের রপ্তানি ঋণপত্রে (এলসি) মিরপুরের মেসার্স আজিজ ফ্যাশন প্রাইভেট লি.কে শতকরা ১০ ভাগ কমিশনে কাজ ভাগ করে দেন। সময়মতো চাহিদা পূরণে ব্যর্থ হন মেসার্স আজিজের সত্বাধিকারী কামরুল হাসান খোকন।
গত ৩ ফেব্র"য়ারি আসামি খোকন বাদিকে কাজের জন্য আরো টাকা দিতে বলেন। পরের দিন খোকন বাদিকে বিকেলে এক লাখ টাকা নিয়ে তার মোহাম্মদপুর কার্যালয়ে আসতে বলেন।
"কথামতো বাদি ফোনে যোগাযোগ করে মোহাম্মদপুরে যেতে চাইলে অপর আসামি মোস্তাফিজুর রহমান জানান খোকন বিশেষ কাজে সংসদ ভবন এলাকায় আছেন। তার সঙ্গে সেখানে দেখা করতে হবে। তখন বাদি সংসদ ভবন এলাকায় গেলে মোস্তাফিজ তাকে নিয়ে আসাদ গেটে অবস্থানরত খোকনের কাছে নিয়ে যায়। বাদি সেখানে গিয়ে খোকনকে আরো চার/পাঁচজন অজ্ঞাতনামা লোক নিয়ে চায়ের দোকানে যান। বাদি সেখানে পৌঁছামাত্র খোকন তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নেন।
আরজিতে আরো বলা হয়, আসামি গুলশান থানার উপপরিদর্শক জয়নাল মামলার সাক্ষী বাদি পক্ষের লোকজনের কাছে বাদিকে ছেড়ে দেওয়ার শর্ত হিসাবে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। থানায় বসে জয়নাল বাদির কাছ থেকে ২ লাখ টাকা এবং জোর করে একটি চেক নেন। গুলশান থানার ওসি কামরুল ইসলাম বাদিকে এ বিষয়ে মামলা না করার অথবা কোনো প্রচার না করার হুমকি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০০২ ঘ.
bdnews24