ঢাকা,মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে ধোলাইপাড় শিফাত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কনস্টেবল দেলোয়ার হোসেনের (৩০) বাড়ি ঢাকার ধামরাই থানার দক্ষিণ বাকুলি গ্রামে।
যাত্রাবাড়ি থানা উপ পরিদর্শক (এসআই) মো. মাসুদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোস্তাগোলা থেকে মোটর সাইকেল চালিয়ে যাত্রাবাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার।"
ধোলাইপাড় এলাকার বাসিন্দা ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তায় নেমে আসে। তবে র্যাব ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আবু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেলোয়ার মোহাম্মদপুর থানার গাড়ি চালক।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/জেকে/১৮৩০ ঘ.
bdnews24