ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনে উত্তাল লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে লিবিয়ার তিন প্রতিবেশী দেশ মিসর, তিউনিসিয়া ও গ্রীসে বাংলাদেশ দূতাবাসে আরো কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিশ্বের যে সব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সে সব দেশে দূতাবাস চালু করার পদক্ষেপ নেওয়ার জন্য
সুপারিশ করা হয়।
বাংলাদেশিদের দুর্ভোগ কমাতে প্রয়োজনে তাদেরকে গ্রীস থেকে জাহাজে করে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ারও পরামর্শ দেয় কমিটি।
বুধবার দুপুরে লিবিয়া পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী।
প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর বাংলাদেশিসহ হাজার হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়ে।
লিবিয়ায় থাকা লক্ষাধিক বাংলাদেশির মধ্যে অনেকে ইতোমধ্যে ফিরে এসেছেন।
বিদ্যমান পরিস্থিতিতে এ পর্যন্ত সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
কমিটির সভাপতি বলেন, "এমনিতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনবল সংকট রয়েছে। লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজে সহায়তা দিতে সেখানে মাত্র দুইজন কর্মকর্তা দিয়ে পরিস্থিতি মোকাবেলা করা কঠিন কাজ। এ অবস্থায় তিনটি পয়েন্টে পাশ্ববর্তী দেশের বাংলাদেশ দূতাবাস থেকে হলেও আরো কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেছি আমরা।"
প্রয়োজনে ঢাকা থেকেও কর্মকর্তা পাঠানোর সুপারিশ করেন তিনি।
তিউনিসিয়া, মিশর ও গ্রীসে কিছু কর্মকর্তা ইতোমধ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মাহমুদ আলী বলেন, "সবাইকে ঢালাওভাবে দেশে ফিরিয়ে আনা ঠিক হবে না। যেখানে বিপদ রয়েছে, যারা দেশে ফিরতে আগ্রহী তাদেরই আনতে হবে। অসুবিধা না থাকলে তাদের ফিরিয়ে আনা ঠিক নয়।"
কমিটির সদস্য নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশিদের দুর্ভোগ কমাতে ও খাবার সরবরাহ যথাযথ রাখতে প্রয়োজনে তাদেরকে গ্রীস থেকে জাহাজে করে নিরাপদ কোনো দেশে স্থানান্তরের সুপারিশও করেছে স্থায়ী কমিটি।
লিবিয়া পরিস্থিতি নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ আরো ভালোভাবে গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান এই ব্রিফিংয়ে উপস্থিত কমিটির আরেক সদস্য নিলুফার জাফরউল্ল্যাহ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি রয়েছেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাব মতে লিবিয়ায় বাংলাদেশির সংখ্যা প্রায় ৮৯ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮০৪ ঘ.
bdnews24