২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা: যাত্রী হয়রানি বন্ধে শিগগিরই অভিযান

সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হয়রানি রোধে এক সপ্তাহের মধ্যে অভিযানে নামবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী হয়রানি রোধে এক সপ্তাহের মধ্যে অভিযানে নামবে পুলিশ। যাত্রীদের কাছ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার অটোরিকশা মালিক ও চালকদের নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে অটোরিকশা চালক ও মালিকদের অনিয়ম রোধে জেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অটোরিকশার গ্যারেজগুলোতে অভিযান এবং অনিয়মের প্রমাণ পেলে প্রয়োজনে গ্যারেজ বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত হয়। বৈঠকে অটোরিকশা চালকদের বিরুদ্ধে মিটার মেনে ভাড়া নিতে অস্বীকৃতি, অতিরিক্ত ভাড়া দাবি, চাহিদা অনুযায়ী গন্তব্যে যেতে অস্বীকৃতি জানানোর বিষয়ে যাত্রীদের অভিযোগগুলো তুলে ধরা হয়। অন্যদিকে অটোরিকশা মালিকদের বিরুদ্ধে দৈনিক জমা দুই শিফটে আদায় করা, চালকদের দৈনিক জমার রশিদ না দেওয়াসহ চালকদের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি ও চালক সমিতির নেতারা ছাড়াও বিআরটিসির চেয়ারম্যান এমএম ইকবাল এবং সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোহাম্মদ মোজাম্মেল হক খান বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার গত ৯ জানুয়ারি সিএনজি চালিত অটোরিকশার নতুন ভাড়া নির্ধারণ করে দেয়। এতে অটোরিকশাপ্রতি জমা নির্ধারণ করা হয় দিনে ৬০০ টাকা। আর যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটারের জন্য ন্যূনতম ভাড়া ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ৭ টাকা নির্ধারণ করা হয়। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর ১৬ জানুয়ারি থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত অভিযান চালিয়ে এক হাজার ৪৪০টি মামলা এবং আট লাখ ৯৭ হাজারেও বেশি টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএন/জেকে/১৭৩২ ঘ.