ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি হবে আগামী ১৫ মার্চ, আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
ইউনূসের পক্ষে তার আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সকালেই আবেদনটি করেন।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার এ আবেদনের ওপর শুনানির পর তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
চেম্বার বিচারপতির আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন রোকনউদ্দিন মাহমুদ। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ।
ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালকও তাদের আবেদনে হাইকোর্টের একই রায় স্থগিতে আলাদা একটি আবেদন করেছেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "ইউনূসের আইনজীবীরা চেম্বার বিচারপতির কাছে হাইকোর্টের রায় ও বাংলাদেশ ব্যাংকের চিঠির কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়েছিলেন। আদালত তাদের আবেদন গ্রহণ করেনি। ফলে বাংলাদেশ ব্যাংকের চিঠির কার্যকারিতা ও হাইকোর্টের রায় বহাল আছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার মনে হয়, এখন ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ চালিয়ে গেলে সেটা হবে আদালতের আদেশের লঙ্ঘন।"
অন্যদিকে ইউনূসের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "বাংলাদেশ ব্যাংকের অব্যাহতির চিঠি কার্যকর কোনো নির্দেশ নয়। কারণ ওই চিঠি দিয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অবিলম্বে অব্যাহতি কার্যকর করতে হবে- এমন কথাও ওই চিঠিতে নেই। তাই যতোদিন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থা না নেবে, ততোদিন তিনি কাজ চালিয়ে যেতে পারবেন বলেই আমরা মনে করি।"
তিনি আরো বলেন, "যেহেতু আপিল বিভাগের বিচারপতিরা এই বিষয়টি শুনবেন বলেছেন, তাই এটি আদালতে বিচারাধীন। আর বিচারধীন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।"
কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণ করে।
ইউনূস এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে মঙ্গলবার তা খারিজ হয়ে যায়। আদালতের রায়ে সরকারি সিদ্ধান্তই বৈধতা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/জেকে/১৮২০ ঘ.
bdnews24