২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসিতে ভালো করেও তারা ফেল করেছিল

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃ নিরীক্ষণে আটজন অকৃতকার্য শিক্ষার্থী পাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:38 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

দিনাজপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃ নিরীক্ষণে আটজন অকৃতকার্য শিক্ষার্থী পাশ হয়েছে। এছাড়া আরো ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এক হাজার ১৮২ জন জেএসসি পরীক্ষার্থী তাদের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদনের পর তাদের খাতা পুনঃ নিরীক্ষণ করা হয়। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ বলেন, গত জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বোর্ডের অধীন আট জেলা থেকে এক হাজার ১৮২ জন পরীক্ষার্থী তাদের খাতা পুনঃ নিরীক্ষার আবেদন করে। পুনঃ নিরীক্ষায় ৩৩ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। এর মধ্যে ৮ জন অকৃতকার্য পরীক্ষার্থী কৃতকার্য হয় এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়। আট কৃতকার্যের মধ্যে তিনজনের জিপিএ ৫, দুইজনের জিপিএ ৪ এবং ৩ জনের জিপিএ ৩ হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, দায়িত্বহীনতার অভিযোগে ওইসব খাতা নিরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকদের পাঁচ বছর এবং প্রধান পরীক্ষক দুই বছর খাতা নিরীক্ষা ও বোর্ডের গোপনীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৮ ঘ.