২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঢাবিছাত্র রেজোয়ান হত্যা পরিকল্পিত'

মতিঝিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র নিহত হওয়ার ঘটনাকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' অভিহিত করে হত্যাকারীদের বিচার দাবি করেছে আরবী বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 07:48 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিঝিলে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র নিহত হওয়ার ঘটনাকে 'পরিকল্পিত হত্যাকাণ্ড' অভিহিত করে হত্যাকারীদের বিচার দাবি করেছে আরবী বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত মানববন্ধনে ঢাবির ওই শিক্ষার্থীলা এ দাবি জানায়। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারসহ ৭ দফা দাবিতে ঢাবি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে বরিশাল জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষে রেজোয়ানসহ চার ছাত্র আহত হয়। রাত আড়াইটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান। পুলিশ বলেছে, শনিবার রাতে সংঘর্ষের সময় দৌড়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হন রেজোয়ান। তবে শিক্ষার্থীদের দাবি, রেজোয়ানকে ট্রাকের নিচে ফেলে দেওয়া হয়। নিহত রেজোয়ান বরিশাল জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের সহ-সভাপতি ছিলেন। মানববন্ধনে রেজোয়ানের সহপাঠীরা বলেন, আমরা দেখেছি হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শাহবাগ থানায় ছাত্রদের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহার এবং মতিঝিল থানায় বিশ্ববিদ্যালয়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করার দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, রেজোয়ান হত্যার বিচার কার্যক্রমের অগ্রগতি না দেখা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। আর আরবী বিভাগের সব ক্লাস বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা বুধবার মৌন বিছিল ও বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। পরে শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবিতে বিভাগের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। এদিকে দুপুরের সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের যৌথ উদ্যোগে এ হত্যাকাণ্ডের বিচার, নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা দেওয়া এবং সর্বক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বরিশাল জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১২২ ঘ.