মুন্সীগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ির সদস্যদের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত আটটার দিকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে মাহমুদা আক্তার (২০) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। সে উপজেলার রশুনিয়া আতরপাড়া গ্রামের বাসিন্দা।
শ্বশুর বাড়ির লোকরা নির্যাতনে চালিয়ে তাকে মেরে ফেলেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন তার মা মমতাজ বেগম। পুলিশ রাতেই মাহমুদার স্বামীকে গ্রেপ্তার করেছে।
মমতাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার কোলা ইউনিয়নের জিপসড়া গ্রামের মিঠুন সরকারের সাথে ৮ মাস আগে মাহমুদার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই শশুর বাড়ির লোকজন নানাভাবে মাহমুদাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো বলে তিনি অভিযোগ করেন।
মমতাজ বেগম দাবি করেন, সোমবার দুপুরে মাহমুদাকে মিঠুন শারীরিক নির্যাতন করে তার মুখে বিষ ঢেলে দেয়। মাহমুদা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, মাহমুদার মৃত্যু রহস্য তদন্তেই বেরিয়ে আসবে।
এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৯০৪ ঘ.
bdnews24