২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তালিকাভুক্ত নারী মুক্তিযোদ্ধা ১৬২ জন

গেজেট অনুযায়ী তালিকাভুক্ত মোট মুক্তিযোদ্ধা দুই লাখ ১৭০ জন। এর মধ্যে ১৬২ জন নারী মুক্তিযোদ্ধা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেজেট অনুযায়ী তালিকাভুক্ত মোট মুক্তিযোদ্ধা দুই লাখ ১৭০ জন। এর মধ্যে ১৬২ জন নারী মুক্তিযোদ্ধা। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম এ কথা জানান। বগুড়া-৫ আসনের সাংসদ মো. হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে গেজেট অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ১৭০ জন। তাদের মধ্যে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমিনা আহমেদের আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ১৬২ জন বীর নারী মুক্তিযোদ্ধা। নারী মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ে সংরক্ষিত থাকলেও বীরাঙ্গনাদের কোনো তালিকা নেই বলেও জানান তিনি। সাংসদ নূর-ই-হাসনা লিলির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এর আগে বিকাল সোয়া পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। বগুড়া-৩ আসনের সাংসদ আব্দুল মোমিন তালুকদারের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট খাস জমির পরিমাণ ১৬ লাখ ৮৬ হাজার ৯৫৭ একর। এর মধ্যে কৃষি খাস জমি ১০ লাখ ৬০ হাজার ২৫০ দশমিক ৭৮ একর ও অকৃষি খাস জমি ৬ লাখ ২৬ হাজার ৭০৬ একর। গোলাম দস্তগীর গাজীর সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এ সরকারের মেয়াদে প্রতিটি উপজেলায় আটশ ছয় কোটি টাকা ব্যয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে। সিরাজুল আকবরের সম্পূরক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, ২০১৪ সালের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে স্বাবলম্বী করা হবে। ৩২টি বীজ উৎপাদন খামার খুলনা-৪ আসনের সাংসদ মোল্যা জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, বর্তমানে দেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর অধীনে ৩২টি বীজ উৎপাদন খামার রয়েছে। এরমধ্যে দানা শস্য ফসলের জন্য ২৩টি, পাট বীজের জন্য দুটি, আলু উৎপাদনের জন্য দুটি, ডাল ও তেল বীজের জন্য তিনটি ও সবজি বীজের জন্য দুটি খামার রয়েছে। কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে মোট আবাদি জমির পরিমাণ ৭৯ দশমিক ৪৪ লাখ হেক্টর। মহিলা আসনের (৩৭) সাংসদ নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে বিএডিসির মাধ্যমে দেশের ২২টি অঞ্চলের ৬৪ জেলায় মোট ২২ হাজার ৩৫২ দশমিক ২৩ মেট্রিক টন গম বীজ বিতরণের কার্যক্রম নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/পিডি/১৮৫৪ ঘ.