মাদারীপুর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের ওপর হামলা চালিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে উপজেলার মোক্তার হাটে এ ঘটনা ঘটে।
ওই ইউপি সদস্যের নাম করম আলী চোকদার (৫০)। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সন্ত্রাসীরা তার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, গ্রাম্য রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় মোক্তার হাটে করম আলী চোকদারের লোকজনের সাথে একই এলাকার চাঁনমিয়া শিকদারের লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
মঙ্গলবার সকালে করম আলী চোকদার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায় ও হাত-পায়ের রগ কেটে দেয়।
এ ব্যাপারে করম আলী চোকদারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৭ ঘ.
bdnews24