ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নদীগুলো প্রবাহমান রাখতে ড্রেজিংয়ের প্রয়োজন বলে মন্তব্য করেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
মঙ্গলবার এক সেমিনারে তিনি বলেন, "নদীগুলো প্রবাহমান থাকলে পরিবেশ ও অর্থনৈতিক দিক দিয়ে দেশ লাভবান হবে।"
চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর দিয়ে দেশের ৬০ শতাংশ আমদানি ও রপ্তানী পণ্য পরিবহন করা হয় বলে জানান মন্ত্রী।
"নৌ-পথে প্রতি কিলোমিটারে এক টন পণ্য পরিবহনে ব্যয় হয় এক টাকা, সড়ক পথে সাড়ে চার টাকা এবং রেল পথে আড়াই টাকা" বলেন তিনি।
বাংলাদেশের ২৪ হাজার নৌপথ কমে বর্তমানে তিন হাজার ছয়শ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, নদীর চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক ড্রেজার না থাকায় দিন দিন নাব্য সংকট বাড়ছে।
আগামি মাসেই তিনটি ড্রেজার বিআইডাব্লিউটি'র ড্রেজার বহরে যুক্ত হবে এবং আরো ১৭টি ড্রেজার কেনার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানান শাহজাহান খান।
নেদারল্যান্ডের আইএইচসি মারউইড নামের একটি ড্রেজার নির্মাণ কোম্পানি আয়োজিত সেমিনারে আইএইচসির এরিয়া ম্যানেজার কিস ডার্কস্, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসেরর রাষ্ট্রদূত আলফন্স হেনেকেন্স, আইএইচসির ব্যবস্থাপনা পরিচালক এরি কোরেভার বক্তব্য দেন।
সেমিনারের দ্বিতীয় অধিবশেনে বাংলাদেশের নদীগুলোর বর্তমান অবস্থা তুলে ধরেন সেন্টার ফর ইনভাইরমেন্ট এন্ড জিওগ্রাফিক সার্ভিসেস'র (সিইজিআইএস) নির্বাহী পরিচালক মনিরুল হক সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমইউএস/পিডি/১৮০২ ঘ.
bdnews24