২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ীকরণ দাবিতে সওজ কর্মচারীদের প্রতিকী গণঅনশন

চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে সারাদেশে প্রতিকী গণঅনশন করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের শ্রমিক-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে সারাদেশে প্রতিকী গণঅনশন করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় সওজ-এর শ্রমিক-কর্মচারীরা রাজশাহী সড়ক ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিকী গণঅনশন করে। এসময় তারা চাকরি স্থায়ীকরণ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রমিক-কর্মচারীদের পদোন্নতি ও টাইমস্কেল দেওয়ার দাবি জানান। ওয়ার্কচার্জড ভিত্তিতে সারা দেশে সাত হাজার ২০৬ জন শ্রমিক-কর্মচারী নিযুক্ত আছে বলে জানান তারা। আগামী ২৭ মার্চের মধ্যে তাদের দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিসহ লাগাতার আন্দোলন শুরু করা হবে বলে তারা ঘোষণা দেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন রাজশাহী শাখার সভাপতি ফরিদ আলী, সাধারণ সম্পাদক আসগর আলী ও সহ-সভাপতি আরিফুজ্জামান নবাব। কর্মসূচীতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার শতাধিক শ্রমিক ও কর্মচারী অংশ নেয়। পাবনা : একই দাবিতে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের কর্মচারীরা পাবনা টাউন হল মুক্ত মঞ্চে গণঅনশন কর্মসূচি পালন করে। তিন জেলার তিন শতাধিক কর্মচারী সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় এতে বক্তব্য রাখেন সওজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পাবনা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নুরে শাহান শাহ, সিরাজগঞ্জ জেলার সভাপতি গোলাম তায়েশ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। পটুয়াখালী : পটুয়াখালীতে সওজ কার্যালয়ের প্রধান ফটকে প্রতিকী গণঅনশন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের পটুয়াখালী শাখার সভাপতি সৈয়দ আবদুল হাই, জেলা শ্রমিকলীগ সভাপতি কাজী আলমগীর হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/কেএমএস/১৭৫০ ঘ.