২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট

সরকারের 'ইসলামবিরোধী' কর্মকাণ্ডের প্রতিবাদে ৪ এপ্রিল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোটের একাংশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:42 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের 'ইসলামবিরোধী' কর্মকাণ্ডের প্রতিবাদে ৪ এপ্রিল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোটের একাংশ। মন্ত্রিসভায় জাতীয় নারী নীতির খসড়া অনুমোদন করার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশ থেকে ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী এ ঘোষণা দেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতিতে ইসলামবিরোধী ধারা সংযোজন করা হয়েছে। সেখানে সম্পত্তির ভাগ-বণ্টনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এটা ইসলামবিরোধী ধারা। একইভাবে জাতীয় শিক্ষানীতিতেও সরকার ধর্মীয় শিক্ষাকে সংকুচিত করেছে। "সরকারের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা ইসলামী ঐক্যজোট প্রতিবাদ হিসেবে হরতালের এই কর্মসূচি ঘোষণা করেছি।" জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বলেরন, "ইসলামী ঐক্যজোটের সব শরিক বৈঠকে বসে হরতালের এই কর্মসূচি চূড়ান্ত করেছে। সরকার ইসলামী শাসন-অনুশাসনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যা তাদের প্রণীত নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতিতে প্রতিফলিত হয়েছে।" গত ২৮ ডিসেম্বর সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদের সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছিলো। পরে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে বৈঠকের পর সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের চেয়ারম্যান মাওলানা মহীউদ্দিন খান ওই কর্মসূচি প্রত্যাহার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/পিডি/১৯৩৭ ঘ.