ঠাকুরগাঁও, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে ২০১০ সালে যক্ষ্মায় ৫৮ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ২৬৯ জন নতুনভাবে যক্ষ্মায় আক্রান্ত হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত 'ওরিয়েন্টেশন অব লোকাল জার্নালিস্ট অন টিবি রির্পোটিং' শীর্ষক এক কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির।
সেন্টার ফর কমিউনিকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি) আয়োজিত এ ওরিয়েন্টেশনে বলা হয়, "জনসচেতনতার অভাবে জেলায় যক্ষ্মা রোগীদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে যাদের সনাক্ত করা সম্ভব তাদের ৯৫ শতাংশকেই চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে।"
কর্মশালায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, ঠাকুরগাঁও লেপ্রোসি মিশনের চিকিৎসক দেলোয়ার হোসেন প্রমুখ।
কর্মশালায় ঠাকুরগাঁওয়ের ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এরমধ্যে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এসএম জসিম উদ্দিন ও জাকির মোস্তাফিজ মিলুকে ফেলোশিপ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৪ ঘ.
bdnews24