২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় বার্ড ফ্লু: রেড অ্যালার্ট

অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (বার্ড ফ্লু) সংক্রমণের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

আগরতলা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (বার্ড ফ্লু) সংক্রমণের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। ত্রিপুরা প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তা দীপাংশু চৌধুরী জানান, রাষ্ট্রায়ত্ত্ব একটি মুরগির খামারে মড়ক লাগলে মৃত মুরগি পরীক্ষা করে বার্ড ফ্লু সয়ক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি বলেন, গত ১ থেকে ৪ মার্চ ওই খামারের ৩৮০টির মতো মুরগি মারা যায়। পরে সেগুলোর কয়েকটি ভূপাল পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচ৫ টাইপের অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকেই ত্রিপুরা রাজ্যে মুরগি ও মুরগির খাবার আমদানি এবং রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, "বাংলাদেশ থেকে মুরগির খাবার যাতে ত্রিপুরায় ঢুকতে না পারে, সে বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে।" রাজ্য কর্তৃপক্ষ রোববার থেকে মুরগি নিধন ও ডিম নষ্ট করে সেগুলো মাটিতে পুঁতে ফেলার কাজ শুরু করেছে বলে জানান তিনি। এর আগে ২০০৮ সালে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্য ত্রিপুরায় বার্ড ফ্লু সংক্রমণের কারণে কমপক্ষে দুই লাখ মুরগি নিধন করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৬৫৫ ঘ.