খাগড়াছড়ি, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষ থামাতে গিয়ে বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নড়াইছড়ির সাধন কারবাড়ি পাড়ায় এ সংঘর্ষ ঘটে।
আহত বিজিবি সদস্য আমিনুল ইসলামকে (৩০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ( জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা সংঘর্ষে জাড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষই গুলি ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরাও দশ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান জাকির।
তিনি বলেন, এক পর্যায়ে বিজিবি সদস্য আমিনুল ইসলাম (৩০) গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ইউপিডিএফের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা বলেন, "সংঘর্ষের কথা শুনেছি। বিস্তারিত জানতে খোঁজ-খবর নিচ্ছি।"
অবশ্য জেএসএসের নেতা ও সন্তু লারমার রাজনৈতিক সহকারী বরুণ চাকমা দাবি করেছেন, তাদের সঙ্গে কারো কোনো সংঘর্ষ হয়নি।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক বলেন, "আমি সংঘর্ষের খবর শুনেছি। খোঁজ নিতে লোক পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৪২৯ ঘ.
bdnews24