নুরুল ইসলাম হাসিব
ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের নারীরা এখনো তাদের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজে নিতে পারেন না, যদিও এসব সিদ্ধান্তের ওপর তাদের জীবন ও ভবিষ্যত নির্ভর করে।
বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর নারী স্বাস্থ্যনীতির অভাব, এবং এ বিষয়ে পুরুষদের অসংবেদনশীল আচরণ লিঙ্গ বৈষম্য বাড়িয়ে তুলেছে। এ কারণে নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরো কঠিন হয়ে পড়েছে।
ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, পরিবারের স্বাস্থ্যসেবা ও পরিচর্যার ক্ষেত্রে সবচেয়ে কম গুরুত্ব পান মায়েরা। পরিবারের মেয়েটি তার চেয়ে সামান্য বেশি গুরুত্ব পায়। আর সবচেয়ে বেশি গুরুত্ব পায় বাবা ও ছেলের স্বাস্থ্য।
একজন গর্ভবতীর নিয়মিত স্বাস্থ্যসেবার প্রয়োজন হলেও তিনি চিকিৎসকের কাছে যাবেন কি-না সে বিষয়টি নির্ভর করে স্বামী অথবা শ্বশুরবাড়ির মুরুব্বিদের সিদ্ধান্তের ওপর। ফলে অনেক নারীই সময়মতো উপযুক্ত চিকিৎসা ও সেবা থেকে বঞ্চিত হন।
বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) তথ্য অনুযায়ী, নারীরা গণমাধ্যম থেকেও অনেক বেশি বিচ্ছিন্ন। ফলে যক্ষা, এইডস, ক্যান্সারের মতো ব্যধি এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে অনেক সময়ই তাদের স্পষ্ট ধারণা থাকে না।
ওই জরিপে দেখা যায়, দেশের প্রায় ৪৫ শতাংশ নারীই গণমাধ্যমের তথ্য প্রবাহ থেকে বিচ্ছিন্ন। পুরুষদের ক্ষেত্রে এ হার ২০ শতাংশ।
আইসিডিডিআরবির জেন্ডার, হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস প্রকল্পের প্রধান রুচিরা তাবাস্সুম নভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোতে নারীরা একেবারেই প্রান্তিক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, "এ সমস্যা সমাজের এতোটাই গভীরে ঢুকে গেছে যে পুরো সমাজকে নতুন করে ঢেলে না সাজালে এর সমাধান হবে না।"
"এটা মানসিকতারও সমস্যা," যোগ করেন রুচিরা।
বেসরকারি সংস্থা নারী পক্ষ বাংলাদেশের নারীদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে। এ সংস্থার সিনিয়ার প্রোগ্রাম অফিসার সামিয়া আফরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের দেশের সামাজিক রীতি অনুযায়ী, একজন নারী নিজের প্রয়োজনে একা হাসপাতালে যেতে পারেন না। ফলে সাধারণ স্বাস্থ্য অধিকার থেকেও তাদের বঞ্চিত থাকতে হয়।"
এই সামাজিক রীতির কারণে সন্তান জন্ম দেওয়ার সময়ও এ দেশের অধিকাংশ নারী হাসপাতালে চিকিৎসক বা ধাত্রী সেবা পান না। ২০১০ সালে মাতৃমৃত্যু জরিপের ফল বলছে, এ দেশের ৭৫ শতাংশ মা সন্তানের জন্ম দেন বাড়িতে, হাসপাতালে নয়। এতে করে নবজাতকের পাশাপাশি মায়ের জীবনও ঝুঁকির মধ্যে থাকে।
"আমাদের এখানে মেয়েদের সবসময় স্বামীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়। অথচ পুরুষরা সবসময় স্ত্রীর স্বাস্থ্যের খোঁজ রাখেন না।"
সামিয়ার মতে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ক্ষেত্রে বৈষম্য, স্বাস্থ্য সেবায় সবার জন্য সমান সযোগ সৃষ্টি না হওয়া এবং স্বাাস্থ্যসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজলভ্য না হওয়ায় বাংলাদেশে নারীদের দুর্দশা কমছে না।
"এমনকি উপার্যনক্ষম নারীরারও অনেক সময় তাদের আয়ের টাকা নিজেদের চিকিৎসার জন্য ব্যয় করতে পারেন না," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/বিডি/কিউএইচ/জেকে/০০৩৫ ঘ.
bdnews24