জান্নাতুল ফেরদাউস
ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্ন মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের অংশগ্রহণ গত ১৪ বছরে ২০ শতাংশ পয়েন্ট বেড়েছে। গত বছর এই পর্যায়ে ছাত্রীদের সংখ্যা ছিল ছাত্রদের চেয়ে ৩ শতাংশ বেশি। আর এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সরকারের উপবৃত্তি প্রকল্প।
নারী শিক্ষার হার বাড়াতে এবং ঝরে পড়া রোধ করতে ১৯৯৪ এই উপবৃত্তি চালু করা হয়।
সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্টের (এসইএসপি) প্রকল্প পরিচালক আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ প্রকল্পের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। ১৯৯৪ সালে শিক্ষার এ পর্যায়ে ছাত্রীদের অংশগ্রহণ ছিলো ৩৩ শতাংশ। আর এখন মেয়েদের অংশগ্রহণ বেড়ে হয়েছে ৫৩ দশমিক ৬৯ শতাংশ।
তিনি বলেন, "উপবৃত্তি প্রদান, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নারী শিক্ষা বিকাশে বর্তমান সরকারের আন্তরিকতা এবং গণমাধ্যমের ইতিবাচক প্রচারণার ফলেই শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। মাধ্যমিকের মতো উচ্চশিক্ষা স্তরেও বৃত্তিমূলক ব্যবস্থা রাখতে পারলে ছাত্রীদের সার্বিক অংশগ্রহণ আরো বাড়বে।"
আফজাল হোসেন জানান, ২০০৯ সালে মাধ্যমিক স্তরের প্রায় ১৮ লাখ ৬০ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হয়েছে। তবে, এখন থেকে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের প্রাধান্য দেয়া হবে যাতে মেয়েদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পায়।
২০১০ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় (জুনিয়র স্কুল সার্টিফিকেট) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা ছিল প্রায় ১ লাখ বেশি।
ওই বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মোট ১৫ লাখ ৫ হাজার ৩৯১ জন অংশ নেয়। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৫ হাজার ২৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৮ লাখ ১১৯ জন।
অর্থাৎ, গত বছর নিুমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ৫৩ দশমিক ১৫ শতাংশই ছিল ছাত্রী। আর ৪৭ দশমিক ৮৫ শতাংশ ছিল ছাত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানান, ১৯৯২ সালে দেশের কয়েকটি নির্বাচিত উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণী থেকে অপেক্ষাকৃত দরিদ্র ও মেধাবী ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করা হয়। তখন প্রাথমিক স্তরে ছাত্রীদের অংশগ্রহণ ছিলো মাত্র ২০ শতাংশ; আর মাধ্যমিক স্তরে ছিলো মাত্র ২২ শতাংশ।
১৯৯৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত কেবল মেয়েদের জন্য উপবৃত্তি চালু থাকলেও ২০০৯-১০ সাল থেকে ছেলেদের জন্য শতকরা ১০ ভাগ উপবৃত্তির ব্যবস্থা করা হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূলত উপবৃত্তি, বিনামূল্যে বই সরবরাহ এবং সার্বিকভাবে মেয়েদের বিদ্যালয়মুখী করতে সরকারের নানামুখী চেষ্টার ফলেই প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরা বজায় রাখতে হলে উচ্চশিক্ষা পর্যায়েও ছাত্রীদের জন্য সহযোগিতামূলক ব্যবস্থা চালু করা প্রয়োজন।"
তিনি জানান, উপবৃত্তি ছাড়াও বর্তমানে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ে প্রায় ২০ ভাগ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্টের (এসইএসডিপি) মাধ্যমে মেয়েদের ৩০ ভাগ এবং ছেলেদের ১০ ভাগ উপবৃত্তি দেওয়া হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তি পাচ্ছে শতকরা ৪০ ভাগ ছাত্রী। ফলে উচ্চ মাধ্যমিক স্তরেও মেয়েদের অংশগ্রহণ পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এ স্তরে মেয়েদের অংশগ্রহণের হার ৪৪ দশমিক ২৩ শতাংশ।
বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিসটিকসের (ব্যানবেইস) পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ সংশি
bdnews24