২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদেশের আগের রাতে ইউনূসের বিবৃতি

রিট নিয়ে আদালতের আদেশের আগের রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আদালত তার আবেদনের বিষয়টি 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করবে বলে তিনি আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 06:23 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রিট নিয়ে আদালতের আদেশের আগের রাতে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আদালত তার আবেদনের বিষয়টি 'নিবিড়ভাবে' পর্যবেক্ষণ করবে বলে তিনি আশাবাদী। যে আইনের আওতায় গ্রামীণ ব্যাংক বর্তমান অবস্থানে এসেছে, সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেও সোমবার রাতে পাঠানো বিবৃতিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইউনূস। কেন্দ্রীয় ব্যাংক বুধবার এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণ করে। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন ইউনূস। বৃহস্পতি, রবি ও সোমবার তার ওই আবেদনের ওপর শুনানি চলে। মঙ্গলবার বেলা ২টায় এ বিষয়ে আদেশ দেবে আদালত। 'দেশবাসীর নিকট নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর আবেদন' শিরোনামের ওই বিবৃতিতে বলা হয়, "আজ তৃতীয় দিনে উচ্চ আদালতে আমাদের রিট পিটিশনের শুনানি শেষ হলো। আমরা আশা করছি যে মহামান্য আদালত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমার দায়িত্ব পালন করাটা অবৈধ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ জারি করাটা বৈধ কি না তা নিবিড়ভাবে খতিয়ে দেখবে।" এই বিবৃতি প্রচার ও প্রকাশ করার অনুরোধ জানিয়ে গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক (তথ্য ও গণমাধ্যম সমন্বয়) জান্নাত-ই-কাওনাইন স্বাক্ষরিত একটি চিঠিও গণমাধ্যমের কাছে পাঠানো হয় সোমবার রাতে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক স ম রেজাউল করিম বিবৃতি বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ড. ইউনূস কেন্দ্রীয় ব্যাংকের আদেশের বৈধতা নিয়ে একটি রিট আবেদন করেছেন। এ বিষয়ে তিন দিন শুনানি হয়েছে। "শুনানিতে তার আইনজীবীরা আদালতের কাছে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। এরপরও আদেশ হওয়ার আগে এভাবে একটি বিষয় নিয়ে গণমাধ্যমে বিবৃতি দেওয়া বিচারিক রেওয়াজের পরিপন্থী।" বিবৃতিতে ইউনূস দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দিয়েছিল এবং সর্বসম্মতিক্রমে নির্ধারণ করেছিল যে, ব্যবস্থাপনা পরিচালকের জন্য কোনো বয়সসীমা প্রযোজ্য হবে না। তিনি বলেন, "আমি আশা করি, একটি সুন্দর আইনকাঠামোর আওতায় গ্রামীণ ব্যাংককে যেভাবে অনন্য বৈশিষ্ট্য সম্বলিত বিশ্ববরেণ্য নোবেল পুরস্কার বিজয়ী একটি ব্যাংক হিসেবে গড়ে তোলা হয়েছে, যে ভাবে এই ব্যাংকে দরিদ্র নারীরাই সংখ্যাগরিষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন, সে আইনের প্রতি সকলে মিলে সম্মিলিতভাবে শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখার ব্যাপারে অটুট মনোবল নিয়ে এগিয়ে আসবেন। সকলের প্রতি আমার এই আবেদন।" রোববারের শুনানিতেও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন থাকার কথা বলেন ইউনূসের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ইউনূসকে নিয়োগের ক্ষেত্রে ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। পরবর্তীতে চাকরির শর্তাবলী বোর্ড ডিরেক্টরদের দ্বারা নির্ধারিত হবে। আদালত ওই সময় বলে, ওই নিয়োগের অনুমতিপত্রে বলা আছে, পরর্র্বতীতে কোনো সিদ্ধান্ত যদি পূর্ববর্তী সিদ্ধান্তে ব্যত্যয় ঘটালে পুনঃঅনুমোদনের প্রয়োজন হবে। তখন রোকনউদ্দিন বলেন, অধ্যাদেশের ব্যত্যয় ঘটেনি। তাই অনুমোদনের প্রয়োজন হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/পিডি/০০২৪ ঘ.