২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন লাশের মধ্যে দুটি সহোদর ভাই

ঢাকার কদমতলীর একটি ডোবা থেকে সোমবার উদ্ধার করা তিনটি লাশের মধ্যে দুটি সহোদর ভাইয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 05:06 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কদমতলীর একটি ডোবা থেকে সোমবার উদ্ধার করা তিনটি লাশের মধ্যে দুটি সহোদর ভাইয়ের। এই দুই সহোদর ভাই হচ্ছে জনি ও বাবু। অপর মৃতদেহটি হাসান নামের এক মাদ্রাসা ছাত্রের। তাদের প্রত্যেকের বয়স ২১ থেকে ২২ বছরের মধ্যে। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কদমতলী থানার মোহাম্মদবাগ ওয়াসা পুকুরের পাশের একটি ডোবা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। গলা কাটা এসব লাশের দুই হাত পেছনে বাধা ছিল। ওয়ারি বিভাগের উপপুলিশ কমিশনার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনির মৃতদেহে তার জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। এতে লেখা ঠিকানায় অনুযায়ী ফরিদাবাদ শ্যামপুরের বাসায় যায় পুলিশ। সেখানে তার বাবা নাজমুল হোসেনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে আরেকটি মৃতদেহ তার ছোট ছেলে বাবুর। কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই তিনজনের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরণের অভিযোগ রয়েছে। অর্থের ভাগবাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ড রোববার রাতে কোন এক সময় ঘটেছে। এদিকে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে হাসানের মামা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকালে এক বন্ধুর ফোন পেয়ে হাসান তার রসুলবাগের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি জানান, হাসান মাতুয়াইলের একটি মাদ্রাসার ছাত্র ছিল। এক মাস আগে সে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। এসআই আব্দুর রাজ্জাক জানান, হাসান মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করে বখাটেদের সঙ্গে মেলামেশা শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/কেএমএস/২৩০৩ ঘ.