ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর অঙ্গীকার করেছেন শতাধিক পুরুষ।
এসিড সন্ত্রাস এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী এক সমাবেশে তারা এ অঙ্গীকার করেন।
আন্তর্জাতিক নারী দিবস-২০১১ উপলক্ষে এসিড সারভাইভরস ফাউন্ডেশন সোমবার রাজধানীর ধানমণ্ডিতে রবীন্দ্র সরোবরে এ সমাবেশের আয়োজন করে। ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি এসিড সন্ত্রাসের লজ্জা পুরুষের। তারা এ লজ্জা মোছার জন্য এসিড সন্ত্রাসের বিরুদ্ধে পুরুষকেই রুখে দাড়ানোর আহ্বান জানান।
সমাবেশে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "নারীকে সম্মান করার উপর নির্ভর করে একটি জাতি কতটা সভ্য। যারা এসিড ছুড়ে মারে তারা মানুষ নয়।"
সংহতি বক্তব্যে জনপ্রিয় সংগীত শিল্পী শুভ্রদেব বলেন, "নিজেকে পুরুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে। কিছু অমানুষের কারণে এ লজ্জা সকল পুরুষের। তাই এ লজ্জা মুছে দিতে সকল পুরুষকেই একসাথে রুখে দাড়াতে হবে।"
সমাবেশে অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বিশিষ্ট নাট্যজন আফজাল হোসেন, আবৃত্তিকার আহকাম উল্লাহ, শিমুল মোস্তফা এবং আব্দুল কুদ্দুস বয়াতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/ ২২৩৫ ঘ.
bdnews24