ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা অনুপ্রেরণা যুগিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে ৭ মার্চের ওপর সাধারণ আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন হাসিনা। '৭৫ এর ১৫ অগাস্ট এক সেনা অভ্যুথানে দুই মেয়ে ছাড়া সবাই নিহত হন। দেশে না থাকায় সে সময় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।
ওই ভাষণের পেছনে বঙ্গবন্ধুকন্যা তার মায়ের প্রেরণার কথা উল্লেখ করে বলেন, "আমি শুধু উল্লেখ করতে চাই আমার মায়ের প্রেরণা। প্রতিটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার আগে আমার মা বঙ্গবন্ধুকে কিছুক্ষণ বিশ্রাম দিতে বলতেন।
"সেদিন খাওয়ার পর আমার মা বঙ্গবন্ধুকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বললেন। আমি বড় সন্তান হিসাবে বঙ্গবন্ধুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার মা পাশে এসে বললেন- অনেকে অনেক কথা বলবে। কিন্তু তোমার মনের ভেতর থেকে যা আাসবে তাই বলবে। তাই ঠিক হবে।"
"বঙ্গবন্ধুর ৭ মার্চের ওই ভাষণই ছিলো তখন বাঙালির মূলমন্ত্র।"
'যুদ্ধ করেই স্বাধীন হতে হবে'
হাসিনা বলেন, "এই ভাষণ ছিলো আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা। মুক্তিযুদ্ধের নয় মাস এই ভাষণ মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়েছিলো। বন্দি অবস্থায় এই ভাষণ ছিলো- আমাদের বেঁচে থাকার প্রেরণা।"
প্রধানমন্ত্রী বলেন, "সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে পুরো পাকিস্তানের শাসনভার আওয়ামী লীগের পাওয়ার অধিকার ছিলো। কিন্তু পাকিস্তানি তৎকালীন শাসক গোষ্ঠী তা মেনে নিতে পারেননি। বঙ্গবন্ধু জানতেন- নির্বাচন হবে, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাবে, তবে আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হবে না। যুদ্ধ করেই দেশ স্বাধীন করতে হবে।"
কোথায় থেকে অস্ত্র পাবে, কোথায় প্রশিক্ষণ হবে, কোথায় শরণার্থীরা যাবে- সব ঠিক করা ছিলো- এমন তথ্য জানিয়ে তিনি বলেন, "আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে লন্ডন গিয়ে তিনি সব ঠিক করে আসেন। সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন।"
"বঙ্গবন্ধু জানতেন- আমরা বিচ্ছিন্নতাবাদী হলে আন্তর্জাতিক সমর্থন পাবো না।"
৭ মার্চের ভাষণের পর তৎকালীণ পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধুর কথায় চলতো- জানিয়ে হাসিনা বলেন, "অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করতে ইয়াহিয়া যখন এলো তখন প্রেসিডেন্ট হাউজের বাবুর্চিরা তার (ইয়াহিয়া) জন্য রান্না করতে অস্বীকৃতি জানান। তখন ৩২ নম্বরে ফোন এলো। বলা হলো- প্রেসিডেন্ট হাউজের বাবুর্চিরা রান্না করতে চাচ্ছে না। পরে ৩২ নম্বর থেকে বলা হলে তারা রান্না করলো।"
সংসদে ৭ মার্চের ওপর সাধারণ আলোচনায় দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষের ও অসাম্প্রদায়িক শক্তিসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা।
তিনি বলেন, "আর কোনো অশুভশক্তি যেনো অন্যায়ভাবে ক্ষমতা দখল করতে না পারে। অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে।"
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর ভাষণটি পাঠ্যপুস্তকে অস্তর্ভুক্ত করার আহ্বান জানান।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন, আমির হোসেন আমু সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মঈনউদ্দিন খান বাদল, শেখ ফজলুল করিম সেলিম, সুবিদ আলী ভুইয়া, জাতীয় পার্টির রহুল আমিন হাওলাদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/২২১৪ ঘ.
bdnews24