রাজশাহী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ীতে মিনিবাসের ধাক্কায় ছাত্র-শিক্ষকসহ চার টেম্পুযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ছয়জন।
সোমবার দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কদম হাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হয়েছেন- উপজেলার পিরিজপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম (৬০), পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তসিকুল ইসলাম (১৫) ও অষ্টম শ্রেণীর ছাত্র বাইরুল ইসলাম কাজল (১৬) এবং উপজেলার ভাটোপাড়া গ্রামের গৃহবধূ জাহানারা বেগম (৩৫)।
তসিকুল ভাটোপাড়া গ্রামের তরিকুল ইসলামের এবং কাজল দদম হাজীর মোড়ের রফিকুল ইসলামের ছেলে।
আহতদের গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে অন্তত ৭টি বাস ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে কদম হাজীর মোড়ে একটি টেম্পু পাশের রাস্তা থেকে মহাসড়কে ওঠার সময় রাজশাহী থেকে আসা একটি মিনিবাস সেটিকে ধাক্কা দেয়। এতে টেম্পুযাত্রী তসিকুল ও কাজল ঘটনাস্থলে মারা যায়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাহানারা বেগম ও হাসপাতালে মমতাজ বেগম মারা যান। হতাহত সবাই টেম্পুযাত্রী।
এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এবং স্কুলের ছাত্ররা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে অন্তত সাতটি বাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বাসটি আটক করেছে। তবে বাসচালক ও সহকারী পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24